ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ (৯ নভেম্বর); যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। অধিবেশন ঘিরে দিনটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যসূচি রয়েছে। বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠেয় সংসদের বৈঠকে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোক প্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি থেকে এসব তথ্য জানা গেছে। কার্যসূচি অনুযায়ী, আজকের বৈঠকের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপন করা হবে। এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এ পর্বে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয়-সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হবে।
এরপর বিধি-৭১-এর আওতায় জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণের জন্য প্রাপ্ত নোটিশগুলো নিষ্পত্তি করা হবে।
আজকের কার্যসূচিতে তিনটি অধ্যাদেশ সংসদে উপস্থাপনের বিষয়ও রয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ সংসদে উপস্থাপন করবেন।
এ ছাড়া আইন প্রণয়ন কার্যক্রমের অংশ হিসেবে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ সংসদে উত্থাপনের জন্য অনুমতি চাইবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
বিলটির উদ্দেশ্য হলো বগুড়া ও এর সন্নিহিত এলাকা নিয়ে একটি পরিকল্পিত আধুনিক নগর প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা। এ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার মাধ্যমে ওই অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষা, অপরিকল্পিত নগরায়ণ রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও পর্যটনশিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক জীবন নিশ্চিত করার কথা বলা হয়েছে।
সংসদে উত্থাপনের অনুমতি পাওয়ার পর মন্ত্রী বিলটি উত্থাপন করবেন। পরে বিলটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।
সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত কার্যসূচিতে এসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
টিএই/এসআই




