রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

হোটেলের পঞ্চম তলা থেকে পড়ে তরুণের মৃত্যু, ৩ বন্ধু আটক

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

শেয়ার করুন:

হোটেলের পঞ্চম তলা থেকে পড়ে তরুণের মৃত্যু, ৩ বন্ধু আটক
প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের পঞ্চম তলার গ্রিলবিহীন জানালা থেকে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়াম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার সঙ্গে হোটেলে থাকা তিন বন্ধুকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দর থানাধীন উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে অবস্থিত হোটেল এম্বাসেডরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে।

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, শুটিংয়ের কাজে সিয়ামসহ কয়েকজন বন্ধু পাঁচ দিন আগে ওই হোটেলে ওঠেন। এর আগেও তারা সেখানে অবস্থান করেছিলেন। হোটেলে থেকে বিভিন্ন স্থানে শুটিংয়ে যেতেন তারা। তাদের মডেলিংয়ের কাজের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, শনিবার বিকেলে হোটেল এম্বাসেডরের পঞ্চম তলার একটি কক্ষের জানালা দিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যান সিয়াম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রোববার দুপুরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এসআই আলমগীর হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানালার গ্রিল না থাকায় বা গ্রিলের ফাঁক দিয়ে অসাবধানতাবশত পড়ে গিয়ে সিয়ামের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, সিয়ামের সঙ্গে হোটেলে থাকা রিসান (২৩), মিম চৌধুরী (২০) ও আমিরা খান (২২) নামে তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিসান ও মিমের মধ্যে সম্পর্ক থাকার তথ্য পাওয়া গেছে। তবে সিয়ামের সঙ্গে আমিরার কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আমিরার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, সিয়াম তার পূর্বপরিচিত ছিলেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এমএমআর/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর