রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভরযোগ্য তথ্য: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পিএম

শেয়ার করুন:

সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভরযোগ্য তথ্য: আমির খসরু
প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীথ

সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে নির্ভরযোগ্য তথ্য বা ডেটা। সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান ছাড়া কার্যকর নীতিনির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি কর্মসূচি বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান ভবনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, পরিসংখ্যানের তথ্য হতে হবে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও পরিমাপযোগ্য, যাতে জনগণ, গবেষক ও নীতিনির্ধারকেরা এসব তথ্যের ওপর আস্থা রাখতে পারেন। সরকারি তথ্যে কারসাজি করা হলে তা সরকারের নিজের সঙ্গে প্রতারণার শামিল। কোনো সমস্যার গভীরে যেতে হলে আগে সঠিক তথ্য জানতে হবে। অতীতের ভুলত্রুটি চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে সরকার পরিসংখ্যান ও তথ্যের ওপর গুরুত্ব দিচ্ছে। তথ্য সরকারের ব্যালান্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করে।

তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনিক ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা এবং সরকারের কর্মসূচির সঙ্গে তাঁদের কাজের সমন্বয় গুরুত্বপূর্ণ। নির্বাচিত সরকারের নীতি ও কর্মপরিকল্পনার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাজের সমন্বয় থাকা প্রয়োজন।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হলে অর্থনৈতিক কার্যক্রম ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্ভরযোগ্য পরিসংখ্যানের মাধ্যমে দেশের বৈষম্য চিহ্নিত করা, সমস্যার সমাধান এবং গবেষণার সুযোগ তৈরি করা সম্ভব।

তথ্যের অবাধ প্রবেশাধিকারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার যত বেশি তথ্য উন্মুক্ত করবে, তত বেশি মানুষের মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যাবে। এতে ভুলত্রুটি চিহ্নিত করা এবং নীতিনির্ধারণে প্রয়োজনীয় সংশোধন আনা সহজ হবে। তথ্য শুধু সরকারের সম্পদ নয়, গবেষক, নাগরিক ও সংশ্লিষ্ট সবার জন্য তা ব্যবহারের সুযোগ থাকতে হবে।

আমির খসরু বলেন, গবেষক ও সাধারণ মানুষ যাতে সহজে পরিসংখ্যান ব্যবহার করতে পারেন, সে জন্য অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তথ্যের অবাধ ব্যবহার নিশ্চিত করতে ডিজিটাল অবকাঠামো গড়ে তোলার কাজ চলছে। ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড উদ্যোগ বাস্তবায়নেও নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন হবে। শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নের দুর্বলতাও দূর করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সক্ষমতা বাড়ানোর আশ্বাস দিয়ে অর্থমন্ত্রী বলেন, সংস্থাটির জনবলসংকট ও অন্যান্য সমস্যার বিষয়ে সরকার অবগত। এসব সমস্যা সমাধানে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মো. শামীমুল হকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর