রক্ষণাবেক্ষণ কাজ শেষে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ১টা থেকে টার্মিনালটির পুনর্গ্যাসীকরণ (রিগ্যাসিফিকেশন) কার্যক্রম চালু করা হয়েছে। এর ফলে দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস সঞ্চালন গ্রিডে আগের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পর দুপুর ১টা থেকে পুনর্গ্যাসীকরণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে দুটি এলএনজি টার্মিনাল থেকেই জাতীয় গ্যাস গ্রিডে পূর্বের ন্যায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এদিকে গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে পেট্রোবাংলা।
এমআর/এএইচ




