রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কৃষি মার্কেটের সামনে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গাড়িটির চালক আহত হয়েছেন। আগুনে প্রায় এক কোটি টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতের দিকে এই ঘটনা ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ডভ্যান রায়েরবাজার কৃষি মার্কেটের সামনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত সেখানে আসে। পরে তারা অতর্কিতভাবে গাড়িটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে কাভার্ডভ্যানের কেবিন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির চালক আহত হন। আগুনে কাভার্ডভ্যানে থাকা বিভিন্ন ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র এবং সাধারণ গ্রাহকদের মূল্যবান পার্সেল পুড়ে যায়।
এজেআর গ্রুপের এ জি এম জয়ন্ত চৌধুরীর দাবি, অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার মালামাল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, যানবাহন ও ব্যবসায়িক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিষ্ঠানটির অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র এজেআর কুরিয়ার সার্ভিসের বিভিন্ন কার্যালয়, পণ্যবাহী গাড়ি ও কর্মীদের ওপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে। চাঁদা দাবি এবং মালিকপক্ষকে বিভিন্ন ধরনের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মামলা দায়েরের পরও হামলা বন্ধ হয়নি।
এ বিষয়ে আদাবর থানার এএসআই আলতাফ বলেন, আমরা রাতে টহল ডিউটিতে ছিলাম। এই এলাকা দিয়ে যাওয়ার সময় দেখি সড়কে যসনজট। তখন লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারি সামনে একটা গাড়িতে আগুন লেগেছে। এরপর দ্রুত আমরা সেখানে ছুটে যাই। ততোক্ষণে সেখানকার আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আমরা অবশ্য ফায়ার সার্ভিসকে কল করেছিলাম। তারা আসার আগেই আগুন নিভে গেছে। এরপর আমরা পুলিশ সদস্যদের নিয়ে মালামালগুলো নিরাপদ রাখার জন্য পাহারা দেই যাতে কেউ কোনো মালামাল না নিয়ে যায়।
এমআইকে/এফএ




