বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষেধাজ্ঞা জারি করেছে ডিএমপি।

ত্রয়োদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন উপলক্ষে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৯ নভেম্বর রবিবার রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত। বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত। এ ছাড়া পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

পাশাপাশি খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং উল্লিখিত সীমানার ভেতরে থাকা সব সড়ক ও গলিপথেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময় থেকে এসব এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য কিংবা অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় পদার্থ বহন করা যাবে না। একই সঙ্গে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

সংসদের অষ্টম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত ডিএমপির এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এম/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর