মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ে এগিয়ে নিতে বিভিন্ন সেবা সংস্থার পরিষেবা লাইন বা ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রকল্পের প্রতিনিধিদের নিয়ে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মেট্রোরেল ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলমের সভাপতিত্বে সভায় বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থা ও প্রকল্পসংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় ডিএমটিসিএলের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর উড়াল ও ভূগর্ভস্থ স্টেশন নির্মাণের জন্য প্রয়োজনীয় ইউটিলিটি স্থানান্তরের অগ্রগতি এবং এ কাজ দ্রুত শেষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্প বাস্তবায়নের সময় নগরবাসীর দৈনন্দিন চলাচল ও নাগরিক সেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। একই সঙ্গে স্থানান্তর কার্যক্রম দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম বলেন, মেট্রোরেল প্রকল্পের মূল নির্মাণকাজ নির্ধারিত সময়ে এগিয়ে নিতে ইউটিলিটি স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ কাজ দ্রুত ও পরিকল্পিতভাবে সম্পন্ন করতে সেবা প্রদানকারী সংস্থা এবং প্রকল্পসংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয় ও নিবিড় যোগাযোগ বজায় রেখে মাঠপর্যায়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ইউটিলিটি স্থানান্তরের সময় যান চলাচল স্বাভাবিক রাখা এবং বিভিন্ন নাগরিক পরিষেবা সচল রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ, ডেসকো, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, বিটিসিএল, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, বিএডিসি, বিআরইবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএমটিসিএলের বিভিন্ন এমআরটি লাইনের প্রকল্প পরিচালক, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
এএইচ/এএস




