রাজধানীর কমলাপুরে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিল থানাধীন কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বেলা আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, খবর পেয়ে দুপুরের দিকে কমলাপুর পানির ট্যাংকির বিপরীত পাশে ফুটপাত থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি ভোরের কোনো এক সময় ঘটনাস্থলে বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ তাকে হাসপাতালে নিয়ে যায়।
এসআই এরশাদ হোসেন জানান, নিহত রোমান প্রধানের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার চর জগমোহন এলাকায়। তার বাবার নাম সিরাজ মিয়া। তিনি রাজধানীর মান্ডার প্রথম গলিতে রাজা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএমআর/এএইচ



