রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি পার্সেল ও কুরিয়ার সার্ভিসের কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রমজান ওরফে বাপন (২১) নামে প্রতিষ্ঠানটির এক কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর-৬ এলাকার পল্লবীর সি ব্লকের ৪ নম্বর অ্যাভিনিউয়ের ১২ নম্বর বাড়িতে অবস্থিত এজিআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি কুরিয়ার অফিসের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের সময় সেখানে কর্মরত শ্রমিক রমজান ওরফে বাপন আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অফিসের সামনে প্রথমে একটি বিস্ফোরণ ঘটে। কিছু সময়ের ব্যবধানে দ্বিতীয় ককটেলটিও বিস্ফোরিত হয়। দ্বিতীয় বিস্ফোরণের পর সেখানে কর্মরত ওই কর্মীর শরীরে আগুন ধরে যায়।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন জানান, সন্ধ্যার পর এজিআর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে একজন কর্মচারী আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এমআইকে/এমআর




