বাণিজ্য, বিনিয়োগ এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাজ্য। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
সোমবার (২ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জন’স-এ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের ক্রমবর্ধমান অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তারা যুক্তরাজ্যে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রফতানি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের বিষয়গুলো তুলে ধরেন।
বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থায় এয়ারবাসের উড়োজাহাজ ক্রয়ে বাংলাদেশের সম্মতির বিষয়টিকে দুই পক্ষই স্বাগত জানায়।
জলবায়ু পরিবর্তন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তার মতো নানা বিষয়ে আন্তর্জাতিক ও বহুপক্ষীয় ফোরামে একে অপরকে পারস্পরিক সমর্থন অব্যাহত রাখার বিষয়ে দুই দেশ একমত পোষণ করে।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
এএইচ




