সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

বিমানের নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও অনাদায়ীর তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ পিএম

শেয়ার করুন:

বিমানের নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও অনাদায়ীর তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উত্থাপিত নিরীক্ষা আপত্তির বিপরীতে কত টাকা আদায় হয়েছে, কত টাকা অনাদায়ী রয়েছে এবং সংশ্লিষ্ট কতজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি।

সোমবার (২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এসময় দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি, সরকারি অর্থের অপচয় রোধ এবং আর্থিক অনিয়ম দূরীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

কমিটি প্রতিটি নিরীক্ষা আপত্তির বিপরীতে প্রমাণাদিসহ সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা উপস্থাপনের ওপর গুরুত্ব দেয়। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের উড়োজাহাজ ও যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত অনিয়মের দায় নির্ধারণ এবং আইটি সিস্টেমের দুর্বলতার কারণে সম্ভাব্য রাজস্ব ক্ষতির বিষয়েও আলোচনা হয়। এছাড়া প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ বারবার যান্ত্রিক ত্রুটির শিকার হওয়ার কারণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা জানতে চাওয়া হয়।

কমিটির পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলোর বিস্তারিত লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান ও মোহাম্মদ কামাল হোসেন অংশগ্রহণ করেন।

এ সময় হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ), অতিরিক্ত হিসাব মহানিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর