নির্বাচনি প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার, অংশগ্রহণ ও প্রবেশগম্যতার বিষয়গুলো গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপন করতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর বারিধারায় হোটেল অমনি রেসিডেন্সিতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাসের (বি-স্ক্যান) আয়োজনে ‘ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন রিপোর্টিং’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির (ইপিডি) সহযোগিতায় ‘প্রোমোটিং ডিজেবিলিটি ইনক্লুসিভ ইলেকশন অবজারভেশন’ (পিডিআইইও) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল গণমাধ্যমের ২০ জন সাংবাদিক অংশ নেন।
কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনি অধিকার ও অংশগ্রহণসংক্রান্ত সংবাদ চিহ্নিত করা, তথ্য অনুসন্ধান ও যাচাই এবং দায়িত্বশীল প্রতিবেদন তৈরির বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদের (সিআরপিডি) ২৯ নম্বর ধারাসংক্রান্ত নতুন সাধারণ নির্দেশনার আলোকে সংবাদ-ভাবনা নির্বাচন, শিরোনাম সম্পাদনা, অন্তর্ভুক্তিমূলক ছবি নির্বাচন এবং নির্বাচনি প্রবেশগম্যতা নিয়ে বিভিন্ন কেস স্টাডি বিশ্লেষণ করা হয়।
এছাড়া নির্বাচনি প্রবেশগম্যতাসংক্রান্ত তথ্য ও প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিহ্নিত করা এবং অধিকার ও জবাবদিহির বিষয়গুলো অনুসন্ধানের অনুশীলন করেন অংশগ্রহণকারীরা। প্রতিবন্ধী ব্যক্তিদের তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে বিশেষজ্ঞ হিসেবে সংবাদে যুক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে সাক্ষাৎকারদাতার সম্মতি, মর্যাদাপূর্ণ ভাষা ও যথাযথ শব্দচয়ন নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় বি-স্ক্যানের নির্বাহী পরিচালক সালমা মাহবুব, প্রোগ্রাম পরিচালক ইফতেখার মাহমুদ, প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমান রাকীব, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর উপমা সাহা এবং অ্যাডমিন অফিসার রুমা আক্তার উপস্থিত ছিলেন। ইপিডির পক্ষে প্রকল্প পরিচালক আনাস্তাসিয়া এস উইবাওয়া ও প্রোগ্রাম ম্যানেজার রোকসানা হক কর্মশালায় অবদান রাখেন।
কর্মশালাটি পরিচালনা করেন মিডিয়া অ্যানালিস্ট ও গবেষক নাজিয়া আফরিন মোনামী এবং দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার ও মহিলাঙ্গন বিভাগের রিপোর্টার-এডিটর রাবেয়া বেবী। সমাপনী বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেলিগেট সিমোনা কামোলিনি।
আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তিদের নির্বাচনি অংশগ্রহণ নিয়ে গণমাধ্যমে দয়া বা সহানুভূতি-নির্ভর উপস্থাপনার পরিবর্তে মানবাধিকার, সমতা ও নাগরিক অধিকারের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করা জরুরি।
তারা আরও বলেন, দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক সাংবাদিকতা নির্বাচনি গণতন্ত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কার্যকর অংশগ্রহণ এবং গণমাধ্যমে তাদের মর্যাদাপূর্ণ উপস্থাপনা নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে।
এএইচ



