সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ঢাকা

নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের আগুন, মজুত নিরূপণে জরিপ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০১:০৫ এএম

শেয়ার করুন:

নলকূপ খনন করতে গিয়ে গ্যাসের আগুন, মজুত নিরূপণে জরিপ শুরু
পেট্রোবাংলা। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে বের হওয়া গ্যাসে আগুন ধরে গেছে। প্রায় ১ হাজার ফুট খননের পর গত ২৭ অক্টোবর এ ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের পরামর্শে আপাতত গ্যাস উন্মুক্তভাবে বের হতে দিয়ে আগুন জ্বলার সুযোগ রাখা হয়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ধীরে ধীরে কমে আসতে পারে।

রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় গভীর নলকূপ খননের সময় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) দুইজন ভূতত্ত্ববিদকে ঘটনাস্থলে পাঠানো হয়। তারা বর্তমানে কক্সবাজারে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

পেট্রোবাংলা জানায়, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য গ্যাস উন্মুক্তভাবে নির্গমণের সুযোগ দেওয়া হচ্ছে। আনুমানিক ১৫ দিনের মধ্যে আগুনের প্রবাহ ক্রমান্বয়ে কমে আসতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যে আগুনের প্রবাহ না কমলে বিশেষজ্ঞ দলের মাধ্যমে বিকল্প ব্যবস্থা হিসেবে অগ্নিনির্বাপণ ও গ্যাসের প্রবাহ বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি পেট্রোবাংলা, বাপেক্স ও স্থানীয় প্রশাসন যৌথভাবে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এদিকে, ঘটনাস্থল এলাকায় গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণে ভূতাত্ত্বিক জরিপ ও দ্বিমাত্রিক (২ডি) সাইসমিক জরিপসহ প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

এ ঘটনায় জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার পাশাপাশি নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর