রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

শেয়ার করুন:

সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার

পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ বিষয়ে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালকের (গণসংযোগ) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। সৌজন্য সাক্ষাতটি স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম সম্মেলনে আইপিইউ এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলেও এতে উল্লেখ করা হয়েছে। 

এতে আরও বলা হয়েছে, সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধির সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়াও পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে উভয়েই মতবিনিময় করেন। স্পিকার এ সময় আসন্ন সংসদ অধিবেশনে পাকিস্তানের হাইকমিশনারকে অধিবেশন পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানান।

স্পিকারের পাকিস্তানের সফরের বিষয়ে এতে বলা হয়েছে, পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি পাকিস্তান সফর করবেন।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর