রোববার, ১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসির ব্যয় প্রায় ১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসির ব্যয় প্রায় ১০ কোটি টাকা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১ নভেম্বর) ইসি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।

ইসি সূত্র জানিয়েছে,  ঠাকুরগাঁও-১ উপনির্বাচন পরিচালনায় ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৭১ লাখ ৭ হাজার ৫০৩ টাকা আর আইন-শৃঙ্খলায় ব্যয় হয়েছে ৭ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৮৭ টাকা। মোট খরচ ৯ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা অর্থাৎ প্রায় ১০ কোটি টাকা।

জানা গেছে, এ আসনের ভোটের দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, এসআরবি’র ২৫১ সদস্য, ২২৭২ জন পুলিশ এবং ২৪৬৫ জন আনসার নিয়োজিত করা হয়েছিল। বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন মোট ৩৫ জন।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী দুই লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি। ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করেছেন।

গত ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোট পড়েছে ৬৪ দশমিক ৮১ শতাংশ। বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে ইসি গেজেটও প্রকাশ করেছে।

অন্যদিকে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো.আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.খাদেমুল ইসলাম ভোট পেয়েছেন ৩ হাজার ২৮৯ টি, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছেন ৪৫০টি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় এই আসন থেকে পদত্যাগ করেন। সেই অনুযায়ী আসন শূন্য হওয়ার প্রেক্ষিতে উপনির্বাচনের তফসিল দেয় কমিশন।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর