শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:১৬ এএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল পৌনে ছয়টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আরিয়ানের আত্মীয় সোহাগ মিয়া জানান, আরিয়ান ফুটপাতে জুতা বিক্রি করতেন। আজ ভোরে তার ব্যবসার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন আরিয়ান। পথে জনপদ মোড়ে মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে একটি অজ্ঞাত দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পর স্থানীয় পথচারীরা সোহাগের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থল থেকে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলেও আরিয়ানকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সোহাগ মিয়া আরও জানান, আরিয়ানের এক বছর আগে বিয়ে হয়। বর্তমানে তার স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। সন্তানের মুখ দেখার আগেই ও এইভাবে চলে গেল। আমরা মানতেই পারছি না।

নিহত আরিয়ান পটুয়াখালী জেলার বাউফল থানার রামগড় গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজিরবাগ এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এম এম আর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর