বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পিএম

শেয়ার করুন:

তাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (ইনসেটে তাহসিফ সৌরির ছবি)। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সৌরির মৃত্যুর সঠিক কারণ প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্ত ও ময়নাতদন্তের পর সব বিষয় জেনে এ বিষয়ে বলা যাবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী এলাকার তুরাগ নদের ঘাট থেকে তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন মরদেহ উদ্ধারের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় চাকরি ফিরে পাওয়া ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের প্রশিক্ষণ কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ শেষে তাহসিফ সৌরির মৃত্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কোনো ঘটনা নেই, যা সংঘটিত হওয়ার পর অপরাধীদের শনাক্ত, গ্রেফতার, তদন্ত ও বিচার সম্পন্ন করার কাজ সফলভাবে করা হয়নি। দু-একটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকতে পারে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে কখন আসতে চাইছেন বা চাইছেন না, তা নিয়ে সরকার মোটেও বিচলিত নয়। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর। যে-ই আসুক না কেন, তাঁকে আইন অনুযায়ী হেফাজতে নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল। দলটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি ছিল এবং নিজেদের অরাজনৈতিক শক্তি হিসেবে প্রমাণ করে গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১ হাজার ৪০০-এর বেশি মানুষ হত্যা ও গণহত্যা চালিয়েছে বলে জাতিসংঘের হিসাব রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ২ হাজারের বেশি। দলটি এখন পর্যন্ত ক্ষমা প্রার্থনা বা দুঃখ প্রকাশ করেনি। উল্টো তারা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকে জঙ্গিবাদী তকমা দিতে চেয়েছিল। আওয়ামী লীগ আবার গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে চাইলেও দেশের জনগণ তা গ্রহণ করবে না এবং সে সুযোগ দেবে না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতা নেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বোমার ঘটনা বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর