বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

শান্তিপূর্ণ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

শান্তিপূর্ণ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ইসি সচিব
বক্তব্য দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, সবার সহযোগিতা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কথা আমি জানি না।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ইসি সচিব বলেন, দুপুর ২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৪৮ শতাংশ ভোট পড়েছে। বিকেল ৪টা পর্যন্ত ভোটের হার আরও বাড়তে পারে। গণনা শেষে ভোটের প্রকৃত হার জানানো হবে।

তিনি বলেন, ভোট গণনার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং গণনা কার্যক্রম শুরু হয়েছে। ফলাফল পাওয়া গেলে তা জানিয়ে দেওয়া হবে।

উপনির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না- এমন প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, সকাল থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জানা মতে, এখন পর্যন্ত কোনো স্থান থেকে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ধরনের কোনো ঘটনা কমিশনকে উদ্বিগ্ন করেনি বলেও জানান তিনি।

প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নাই এমন বিষয়টি সামনে আনলে তিনি বলেন, এমন একটি অভিযোগ পাওয়ার পরপরই প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি যাচাই করতে বলা হয়। সংশ্লিষ্টদের ভোটারের পরিচয় ডেটাবেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রে উপস্থিত প্রার্থীর এজেন্টদেরও বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। ফলে ছবির অনুপস্থিতি নিয়ে ওঠা অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।

কয়েকজন শিক্ষার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ১৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনা হচ্ছে এবং নিবন্ধন করলে তারা একটি কার্ড পান। ওই কার্ড নিয়ে কয়েকজন কেন্দ্রে গেলেও তারা ভোটার না হওয়ায় ভোট দিতে পারেননি।

তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। এর সঙ্গে ভোটগ্রহণের কোনো সম্পর্ক নেই।

এর আগে, ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য ‘মহাপরীক্ষা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন, ‘আমি যদি পাস না করতাম, তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বললাম কেন? পাস করার দায়িত্বটা আমার, আর পাসের ব্যাপারে স্বীকৃতি দেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা সেই স্বীকৃতিটা দেবেন।’

এমএইচএইচ/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর