মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে হত্যা

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

যাত্রাবাড়ীতে যুবককে গুলি করে হত্যা
ধলপুরে দুর্বৃত্তদের গুলি নিহত মারুফ ওরফে দুখু (১৮)।

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশের একটি মাঠে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মারুফ ধলপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি আব্দুর রশিদের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

জীবিকার তাগিদে সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে অবস্থিত পাতিল তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের স্ত্রী মিমের ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের মতো মঙ্গলবার কাজ শেষে সন্ধ্যায় বাসায় ফেরেন মারুফ। পরে বাসার পাশের সিটি পল্লীর মাঠে অবস্থানকালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ও স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। পরে রক্তাক্ত অবস্থায় মারুফকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্বামীর আকস্মিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মিম। 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার স্বামী অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিল। তিনি কারও সঙ্গে কোনো ধরনের দ্বন্দ্ব বা ঝামেলায় জড়াতেন না। কারা, কী উদ্দেশ্যে তাকে এভাবে গুলি করে হত্যা করল— আমরা কিছুই বুঝতে পারছি না।’

মারুফের হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মারুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর