সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও গাড়িচালকদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কেরানীগঞ্জের হাসনাবাদে রোড শো ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিআরটিএর ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়। এ বছরের দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
সোমবার সকাল সাড়ে ১০টায় কর্মসূচি শুরু হয়। এ সময় বক্তব্য দেন বিআরটিএর ঢাকা জেলা সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোবারক হোসেন। কর্মসূচির অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট ও ব্রোশিওর বিতরণ করা হয়।
এ ছাড়া জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ব্যবহার, হেলমেট ও সিটবেল্ট পরিধান এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং মাদকাসক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর ক্ষতিকর দিক তুলে ধরা হয়।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন ঢাকা জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট মো. শাহজাহান, বিআরটিএর ঢাকা জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. নজরুল ইসলাম ও মো. আবু জামাল এবং রাজস্ব কর্মকর্তা মো. কামরুল হাসান। এ সময় নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরাও অংশ নেন।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। দিবসটি ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করছে বিআরটিএ।
এমআর




