নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা সংক্রান্ত জটিলতা এড়াতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। ইতোমধ্যে এ নির্দেশনা সকল বিভাগ কমিশনার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
এতে বলা হয়েছে, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ ও সীমানা সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানোর লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১১ অনুযায়ী, এ বিভাগের ১৬৯/২০১৩ খ্রি. তারিখের ৬৮৬নং স্মারকে ইউনিয়ন পরিষদসমূহকে বিভক্তকরণের নীতিমালা এবং ০৯/১২/২০১৪খ্রি. তারিখের ৮৫০নং স্মারকে জারীকৃত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ ধাপে। প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ভোট হবে ২৭ মে।
এমএইচএইচ/এআরএম




