রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের মূলহোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ওয়ারী) বিভাগ। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী।
গ্রেফতারকৃতরা হলেন— জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজিৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক ও একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়।
রোববার ডিএমপির মিডিয়া বিভাগ জানায়, শনিবার রাতে তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান এই চক্রের মূলহোতা।
ডিবি জানায়, চক্রটি বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে ডেকে নিয়ে কৌশলে ব্লাকমেইল করে অর্থ আদায় করতো। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইকে/এফএ




