বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ অক্টোবর) সকালে বিএমইউতে যান রাষ্ট্রপতি। তিনি হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করেন।
তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন।
এ সময় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপাচার্য ও বর্তমানে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত ২১ অক্টোবর ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।
বিএমইউ এর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, ভূমিমন্ত্রী গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএমইউর কেবিন ব্লকের ৩১১ নং কেবিনে রক্তস্বল্পতাজনিত সমস্যা নিয়ে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের তত্ত্বাবধানে ভর্তি হন। পরবর্তীতে ভূমিমন্ত্রীর চিকিৎসায় মেডিসিন বিশেষজ্ঞ ও বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এফ সিদ্দিকীকে প্রধান করে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানান, ভূমিমন্ত্রী অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এ ছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, খাদ্যনালী থেকে রক্তক্ষরণজনিত সমস্যাসহ কিছু রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলমান রয়েছে এবং চিকিৎসায় আশানুরূপ উন্নতি হয়েছে, পূর্বের তুলনায় ভালো আছেন।
এএম




