শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘জাপানের রাষ্ট্রদূত দেশে আনার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ পিএম

শেয়ার করুন:

‘জাপানের রাষ্ট্রদূত দেশে আনার সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ / সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ঘিরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য ক‌রে‌ছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ উপলক্ষে ন্যাশনাল পজিশন পেপার আনভেইলিং অ্যান্ড ডায়লগ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাকশন এইড।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এটা কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নয়। এটি একটি স্ট্যান্ডার্ড প্রসিডিউর কখন কোন অ্যাম্বাসেডরকে পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে পাঠাবে সেটা মন্ত্রণালয়ের একান্তই নিজস্ব সিদ্ধান্ত।

জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্যে শীর্ষ অংশীদার উল্লেখ করে তিনি বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে জাপান-বাংলাদেশের সম্পর্ক বিদ্যমান এবং বর্তমানে তা আরও গভীর হয়েছে। বিএনপি সরকারের সময় দুই দেশের সম্পর্ক আরও উন্নত অবস্থায় থাকে।

প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে শামা ওবায়েদ বলেন, এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের বিভিন্ন খাতে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, পোশাক, শিক্ষা, স্বাস্থ্য খাতের বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতা চুক্তি সই হওয়ার সম্ভাবনা আছে।

জাপানের সঙ্গে এবার বাংলাদেশের যোগাযোগ আরও বাড়বে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা একসঙ্গে কাজ করব। প্রধানমন্ত্রীর এই সফর নতুন জাপানি বিনিয়োগ তৈরিতে একটা নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করবে বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রীর উদ্যোগে একটি নতুন আইন হয়েছে বাংলাদেশ ইনভেস্ট। এই সংস্থার মাধ্যমে আরও নতুন জাপানি বিনিয়োগ বাংলাদেশে আসবে। সেই প্রচেষ্টা এবার থাকবে।

প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূত দাঊদ আলীকে টোকিও থেকে দূরে রাখার সিদ্ধান্তের মধ্যেই এ সফরের কূটনৈতিক বিষয়াবলী তদারকি ও সার্বিক আয়োজন সমন্বয়ের বিশেষ দায়িত্ব দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বিষয়ক সচিব এম নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জাপান সফর নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী।

এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর