বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিলখেলাপি প্রার্থী ঠেকাতে বিদ্যুৎ-গ্যাস-পানি সংস্থাকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

বিলখেলাপি প্রার্থী ঠেকাতে বিদ্যুৎ-গ্যাস-পানি সংস্থাকে ইসির চিঠি
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিলখেলাপি প্রার্থীদের ঠেকাতে বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন সেবা প্রদানকারী সংস্থাগুলোর কাছে তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে এসব সংস্থাগুলোকে চিঠি দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ইসির যুগ্মসচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন ২০২৬ এর রিটার্নিং কর্মকর্তা মো.মঈন উদ্দীন খান এ তথ্য জানান।

সংস্থাগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে,  নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সময়সূচি অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর, দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২৭ অক্টোবর সময়সূচী অনুযায়ী বাছাই করা হবে। 

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২ অনুচ্ছেদের (ঢ) দফা অনুসারে কোন ব্যক্তি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন যদি তিনি মনোনয়নপত্র দাখিলের দিনের পূর্বে সরকারি টেলিফোন, গ্যাস, বিদ্যুৎ, পানি বা অন্য কোন সেবা প্রদানকারী সংস্থার বিল পরিশোধ করতে ব্যর্থ হন।

এতে আরও বলা হয়েছে, উল্লেখিত বিল পরিশোধে ব্যর্থ ব্যক্তিগণ যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ ২৬ অক্টোবর সোমবার বিকাল ৪ টার পর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে প্রদান করা হবে। প্রেরিত তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২৭ অক্টোবর সময়সূচি অনুযায়ী মতামত/তথ্যসহ মনোনয়নপত্র বাছাইয়ের দিন সংশ্লিষ্ট সংস্থা/কর্তৃপক্ষ হতে ১ জন উপযুক্ত কর্মকর্তা প্রেরণ করা প্রয়োজন। 

মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা প্রেরণের পর কোন মতামত/তথ্য পাওয়া না গেলে ধরে নেওয়া হবে তালিকায় বর্ণিত প্রার্থীগণ উল্লিখিত বিধান অনুসারে অযোগ্য নন বলেও এতে উল্লেখ করা হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রেরিত প্রার্থী তালিকার বিষয়ে তথ্যসহ ২৭ অক্টোবর সময়সূচী অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয়ে ১ কর্মকর্তা প্রেরণের অনুরোধ করছি। সেই সাথে ২৬ অক্টোবর সোমবার বিকাল ৪ টার পর নির্বাচন কমিশন সচিবালয় হতে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংগ্রহ করার জন্যও অনুরোধ করা হয়েছে এতে।

যে সংস্থাগুলোকে চিঠি দেওয়া হয়েছে-

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড/বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/ডিপিডিসি লি. (সাবেক ডেসা)/ডেসকো, ঢাকা ওয়াসা/চট্টগ্রাম ওয়াসা/বিটিসিএল/তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিসট্রিবিউশন কোম্পানী লিমিটেড/বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড/ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর।  মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।  বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর।  ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলে 

সংসদ সচিবালয় মিষ্টির আসন শূণ্য ঘোষণা করে। আর এখন ভোটের দিকে এগুচ্ছে ইসি।

এমএইচএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর