নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্ট কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম জামাল (৩৮)। তার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে গতকাল সন্ধ্যায় বয়লার বিস্ফোরণে দগ্ধ ৫ শ্রমিককে ঢামেক বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধ অন্যরা হলেন— টিপু (৪৫) ৯০ শতাংশ, ফয়সাল (২৫) ২৫ শতাংশ, রুবেল (৩৫) ৮ শতাংশ ও শাজাহান (৩০) ৪ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ।
তিনি জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় জামাল ও টিপুকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে জামাল মারা যান। বাকিরা জরুরি বিভাগের অবজারভেশনে চিকিৎসাধীন রয়েছেন।
এমএমআর/এএস




