জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজধানীতে রোড শো ও সচেতনতামূলক প্রচার কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে এ কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল ১, ২, ৩ ও ৪-এর উদ্যোগে রাজধানীর চারটি স্থানে এ কর্মসূচি আয়োজন করা হয়। স্থানগুলো হলো গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, বিমানবন্দরের সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে।
কর্মসূচির অংশ হিসেবে এসব স্থানে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি হ্যান্ডমাইকে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বিষয়ে প্রচার চালানো হয়। সড়কে চলাচলের নিয়ম মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাসুদ আলমসহ ঢাকা মেট্রোর বিভিন্ন সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা।
কর্মসূচিতে মোটরযান মালিক ও শ্রমিকদের পাশাপাশি রোভার স্কাউট, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা অংশ নেন।
এএইচ/এএস




