বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

টানা ছুটিতে আজও ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

টানা ছুটিতে আজও ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী
রাজধানীতে নেই গণপরিবহনের চিরচেনা সেই যানজট / ছবি: ঢাকা মেইল

হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের সরকারি ছুটিতে অনেকটাই ফাঁকা হয়ে পড়েছে যানজটের নগরী ঢাকা। ব্যস্ত সড়কে নেই গণপরিবহনের দীর্ঘ সারি, মোড়ে মোড়ে চোখে পড়েনি তেমন যানজটও। কর্মজীবী মানুষের ব্যস্ততাও ছিল হাতে গোনা, গণপরিবহনে যাত্রীর চাপও তুলনামূলক কম।

ফলে যে পথে স্বাভাবিক সময়ে যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়, সেই পথেই এখন অনেক কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন নগরবাসী। তবে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ কমে যাওয়ায় রিকশাচালক, বাসচালকসহ পরিবহন সংশ্লিষ্ট অনেকের আয়েও বিরূপ প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। মতিঝিল, পল্টন, ধানমন্ডি, সিটি কলেজ, নিউ মার্কেট, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও সংসদ ভবন এলাকার সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক। এসব সড়কে সাধারণত দিনের বিভিন্ন সময়ে যানজট তৈরি হলেও ছুটির কারণে সেই চেনা দৃশ্য ছিল না। সরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও কিছু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সড়কে মানুষের উপস্থিতিও কম দেখা গেছে। বাসগুলোতেও ছিল তুলনামূলক কম যাত্রী।

ধানমন্ডি ১৫ নম্বর বাসস্টেশনের পাশে যাত্রীর অপেক্ষায় থাকা রিকশাচালক মনতাজ উদ্দিন বলেন, গতকাল মাত্র ২০ মিনিটে শাহবাগ থেকে বেড়িবাঁধ এলাকায় পৌঁছেছেন তিনি। রাস্তায় যানবাহনের চাপ একেবারেই কম ছিল। আজ সকালেও রাজধানীর সড়কগুলো অনেকটা ফাঁকাই দেখা গেছে।

Road

তিনি আরও বলেন, সাধারণত এই সময়ে সড়কে যানবাহনের চাপ থাকে। বিভিন্ন মোড়ে যানজট সৃষ্টি হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে দীর্ঘ সময় লাগে। কিন্তু গতকাল ও আজ যানবাহন কম থাকায় সহজেই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যাত্রীর অপেক্ষায় থাকা এক বাসের সহকারী পারভেজ বলেন, সাধারণত আজিমপুর থেকে বাস ছাড়ার পর আড়ং এলাকায় পৌঁছানোর আগেই সব আসন পূর্ণ হয়ে যায়। কিন্তু এখন যাত্রীর জন্য অপেক্ষা করতে হচ্ছে। গত দুই-তিন দিন ধরে যাত্রীর সংখ্যা খুবই কম। পূজার ছুটিতে অনেকেই বাড়িতে চলে গেছেন। রোববার থেকে যাত্রীর সংখ্যা হয়তো বাড়তে পারে।

Road1

শুধু সড়কেই নয়, বাসস্ট্যান্ডের পাশের ছোট ছোট টং দোকানেও কমেছে মানুষের ভিড়। অন্য সময়ে এসব দোকানে চা-নাশতা খেতে মানুষের আনাগোনা থাকলেও ছুটির কারণে ক্রেতার সংখ্যা কমে গেছে।

অনেক নগরবাসী বলছেন, ছুটির এই সময়ে রাজধানীতে কয়েক দিন নির্বিঘ্নে চলাচল করা যাবে। যানজটের ভোগান্তি কম থাকায় দৈনন্দিন যাতায়াতেও মিলছে স্বস্তি। তবে ছুটি শেষ হলে আবারও রাজধানী ফিরবে চেনা ব্যস্ততায়, সড়কে বাড়বে যানবাহনের চাপ, ফিরে আসবে চিরচেনা যানজটও। তাই আপাতত কয়েক দিনের এই স্বস্তিকর পরিবে বেশ উপভোগই করছেন ঢাকাবাসী।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর