রাজধানীর হাজারীবাগ এলাকায় এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা ও ভাঙচুর এবং প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগে ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কুরিয়ার সার্ভিসের এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে হাজারীবাগ থানায় মামলা করেন।
মামলার বরাতে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানা এলাকার মেন্ডি ডেন্টাল কলেজ রোড সংলগ্ন কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলার ঘটনা ঘটে। মুখে মাস্ক ও মাথায় হেলমেট পরিহিত ৭০ থেকে ৮০ জন এ হামলা ও ভাঙচুরে অংশ নেয়।
এ সময় সিসিটিভি ক্যামেরা ও সার্ভার রুমসহ ব্যাপক ভাঙচুর এবং সিসকো কোর, রাউটার, এনভিআর, মনিটর ও ল্যাপটপসহ প্রায় ৩১ লাখ টাকার মালামাল লুটপাট করা হয়।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ১৮ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ১০টায় দুজন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে কুরিয়ার সার্ভিসটির হাজারীবাগ ওয়্যারহাউজের গেটে আসেন। এসময় তারা সিকিউরিটি গার্ড মো. হারুন আর রশিদের কাছে অপারেশন ম্যানেজার নিজাম উদ্দিনের খোঁজ করেন। নিজাম উদ্দিন ডিউটিতে নেই জানালে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সিকিউরিটিকে হুমকি-ধামকি দিয়ে চলে যায়।
পরে ২০ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটের দিকে ৩৫-৪০টি মোটরসাইকেলে করে ৭০-৮০ জন লোক মাস্ক ও হেলমেট পরিহিত অবস্থায় ওয়্যারহাউজের পশ্চিম গেটে আসেন। তাদের মধ্যে ৪০-৫০ জন ভেতরে ঢুকে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক তার ছিঁড়ে আতঙ্ক সৃষ্টি করেন। বাকি ৩০-৪০ জন বাইরে অবস্থান নেন। সন্ত্রাসীদের মধ্যে ৮-৯ জন অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলেন। ভেতরে ঢুকেই তারা আসবাবপত্র ও গ্রাহকের মালামাল ভাঙচুর শুরু করেন।
এজহারে আরও উল্লেখ করা হয়, এসময় একজন সন্ত্রাসী নিজেদের শীর্ষ সন্ত্রাসী ‘ক্যাপ্টেন ইমন’-এর লোক পরিচয় দিয়ে জায়গা ও ভাড়ার দাবি করে হামলা চালাতে থাকেন। তারা সিসি ক্যামেরার সার্ভার রুমের তালা ও দরজা ভেঙে ব্যাপক ভাঙচুর চালান।
হামলাকারীরা একটি সিসকো কোর, একটি রাউটার, বিভিন্ন চ্যানেলের সাতটি এনভিআর, ১০ টিবির ৩৮টি হার্ডডিস্ক, একটি সার্ভার রেক, ৪০টি ২ মেগাপিক্সেল ক্যামেরা, ৮টি সিপিইউ, ৮টি মনিটর ও একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ টাকা।
ঘটনার পর থেকে সাইফুল নামের এক ব্যক্তি নিজেকে ‘ক্যাপ্টেন ইমনের লোক’ পরিচয় দিয়ে একটি বিদেশি নম্বর থেকে কল করে কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, এ ঘটনায় রাতে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের এইচআর অ্যান্ড এডমিন বিভাগের ম্যানেজার আফসার উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। আমরা আসামিদের গ্রেফতারে কাজ করছি।
একেএস/এএইচ




