বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ঢাকা

ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পিএম

শেয়ার করুন:

ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা

ধর্মীয় সম্প্রীতি ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বর্তমান বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ। 

মঙ্গলবার (২০ অক্টোবর) লক্ষ্মীপুর সদর, কমলনগর ও রামগতি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি একথা বলেন। এসময় তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। 

এর আগে লক্ষ্মীপুর জেলা, পৌর ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, জনপ্রশাসনে বদলি, পদায়ন, পদোন্নতি ও নিয়োগের ক্ষেত্রে মেধা ও দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা অতীতের বিভাজন ও দলীয় বিবেচনাগুলো পেছনে ফেলে মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে পদ থেকে বঞ্চিত বা বৈষম্য করা হবে না, আবার ধর্মীয় কারণে কাউকে কোনো প্রাধান্যও দেওয়া হবে না।

S

তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মের উপাসনালয়ে কর্মরত পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ, উপাধ্যক্ষ্য ও ধর্মযাজকদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। আগামী ৪ বছরের মধ্যে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জা এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার শ্রী শ্রী শ্যামসুন্দর জিউ আখড়া, শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি, রক্ষাকালী বাড়ি পূজামন্ডপ, মনষা বাড়ি দুর্গা পূজামন্ডপ, বিজয় স্বরণী ত্রিনয়ণী পূজামন্ডপ, কুন্ডবাড়ি শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের সেবা মন্দির পূজামন্ডপ ভবানীগঞ্জ পরিদর্শন করেন।

এছাড়া রামগতি উপজেলার শ্রী শ্রী রামঠাকুরাঙ্গন সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ ও শ্রী শ্রী বুড়াকর্তা আশ্রম সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ এবং কমলনগর উপজেলার  শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও শ্রী শ্রী হরিনারায়ণ সেবাশ্রম পরিদর্শন করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা।

এসএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর