হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় জসিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। চাঁদপুরের কচুয়া থেকে তাঁকে গ্রেফতারের পাশাপাশি চুরি হওয়া তিনটি লাগেজও উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৩-এর পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের পরিপ্রেক্ষিতে এপিবিএনের নজরে আসে।
পরে বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িত সন্দেহে ওই ফ্লাইটের যাত্রী জসিমকে শনাক্ত করা হয়। এ ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইনসের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে গত ২০ অক্টোবর বিমানবন্দর থানায় জসিমের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহার অনুযায়ী, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।
পরে এপিবিএন বিমানবন্দর থানা ও চাঁদপুরের কচুয়া থানার সঙ্গে সমন্বয় করে অভিযান চালায়। অভিযানে কচুয়া থেকে জসিমকে গ্রেফতার করা হয়। এ সময় চুরি হওয়া মালামালও উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।
পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় চুরিসহ অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সব সময় তৎপর রয়েছে।
এমআইকে/এআর




