রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের বিজয় দশমীর বিজয় শোভাযাত্রা শুরু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল চারটায় মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়।
বিভিন্ন জায়গা ঘুরে ঢাকার বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এরমধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এর আগে ঢাকেশ্বরী মন্দিরে নাচে-গানে মা দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। বাজানো হয় দুর্গা পূজা নিয়ে গাওয়া নানা গান। এসময় ধর্মীয় নানা স্লোগান দেন সনাতন ধর্মাবলম্বীরা।

সনাতন ধর্মালম্বীরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে দুর্গা উৎসব পালিত হয়েছে। মায়ের বিদায় বেলায় স্বভাবিকভাবে মা খারাপ। আশার বাণী হচ্ছে, এ বছর কোনো দুর্ঘটনা ছাড়াই উৎসব শেষ হচ্ছে। কারো মধ্যে আনন্দের কমতি ছিল না। রাত পর্যন্ত উৎসব পালন হয়েছে। সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশটাকে চাই এবং সবার মঙ্গল কামনা করি।
ঢাকার বনানী থেকে ঢাকেশ্বরী মন্দিরে এসেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিয়া বিশ্বাস। জানতে চাইলে তিনি ঢাকা মেইলকে বলেন, ‘মা দুর্গা চলে যাচ্ছেন। মনটা খারাপ, আসছে বছর আবার হবে। মা দুর্গার কাছে অনেক কিছু চেয়েছি। আশা করছি, সেগুলো পূরণ হবে।’

তিনি বলেন, ‘মা দুর্গা আনন্দ নিয়ে আসেন, আবার চলে যান। আমরা পৃথিবীতে সুখ, শান্তি আর উন্নতি চাই।’
রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোড থেকে বন্ধুদের সঙ্গে আসা স্বপন বণিক বলেন, 'প্রতিবারের তুলনায় এইবার আমরা পূজাটা বেশি সময় পেয়েছি, খুবই মজা করেছি এই কয়েকদিন। তো আজকে প্রথমেই সকাল থেকে প্ল্যান ছিল যে ঢাকেশ্বরী মন্দিরে আসবো, সবাই মিলে মজা করবো, সিঁদুর খেলবো এটাই প্রত্যাশা। আর মা আসবে আবার প্রতি বছর, এটাই প্রত্যাশা করি। আসছে বছর আবার হবে।'
এসএইচ/এএস




