মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে যোগ দিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের সিইও

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৭ পিএম

শেয়ার করুন:

‘ওলিস ২০২৬ অটাম’ সেমিনারে যোগ দিতে জাপান যাচ্ছেন জেনিথ লাইফের সিইও
এস এম নুরুজ্জামান। ফাইল ছবি

জাপানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বীমা সেমিনার ‘ওলিস ২০২৬ অটাম’-এ অংশ নিতে দেশটিতে যাচ্ছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামান। আগামী ২১ থেকে ২৮ অক্টোবর জাপানের ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কালচারাল ডেভেলপমেন্ট সেন্টারের (ওলিস) আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন তিনি।

সম্প্রতি ওলিসের প্রেসিডেন্ট সুকাসা ইয়োনেকুরার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সেমিনারে অংশগ্রহণের জন্য এস এম নুরুজ্জামানের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক বীমা খাতে অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের যাবতীয় ব্যয় বহন করবে আয়োজক প্রতিষ্ঠান।

এস এম নুরুজ্জামান দেশের বীমা খাতে প্রায় তিন দশক ধরে কাজ করছেন। ১৯৯৭ সালে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। পরবর্তী সময়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে প্রায় এক দশক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্বে ছিলেন। পরে বায়রা লাইফ ইন্স্যুরেন্সে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কাজ করেন।

২০১৩ সালের নভেম্বরে তিনি জেনিথ ইসলামী লাইফে সহকারী ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে যোগ দেন। পরবর্তী সময়ে দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। বর্তমানে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি দেশের বীমা খাতের বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন এস এম নুরুজ্জামান। তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) যুগ্ম মহাসচিব। এ ছাড়া বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এবং সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিল ফর ইসলামিক ইন্স্যুরেন্স অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি এর আগে জাপান, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এ সেমিনারে এস এম নুরুজ্জামানের অংশগ্রহণ জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পাশাপাশি বাংলাদেশের বীমা খাতের অভিজ্ঞতা বিনিময় ও পেশাগত দক্ষতা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর