রাজধানীর পূর্বাচলের একটি বাসায় ডিজে পার্টি থেকে মাদকসহ ৮৫ জনকে আটকের পর আদালতে তাদের (সামারি ট্রায়াল) সংক্ষিপ্ত বিচার কার্যক্রম শুরু হয়েছে।
মোবাইল কোর্টে কয়েকজনের বিচার সম্পন্ন করে শাস্তিও দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় জহিরকে পুলিশ সদর দফতর থেকে সরিয়ে অন্যত্র সংযুক্ত করা হয়েছে।
সোমবার রাতে ভাটারা থানার পূর্বাচলে থাকা পুলিশ অফিসার্স হাউজিং-১ সোসাইটির সেই বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে এই অভিযান শেষ হয়। পরে ৮৫ জনকে আটক দেখানো হয়।
এই আটক তালিকায় বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যাংকার, কথিত সাংবাদিক এবং একজন বিদেশি নাগরিক রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ওই বাসায় নিয়মিত ডিজে পার্টির আয়োজন এবং মাদক সেবন ও মাদকসংক্রান্ত কর্মকাণ্ড চলার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘বাড়িটি অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের।
‘তিনি অনলাইনে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেটি মাদকসেবন ও ডিজে পার্টির কাজে ব্যবহার করছিলেন।’
এমআইকে/এএম




