কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার ও একটি রাজনৈতিক পক্ষ এক হয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে দাবি করে দেশবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘আমরা একটি কথা বলি—করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। যারা এই স্লোগানে এবং এই নীতিতে বিশ্বাস করে না, তারাই এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। আপনারা দেখেছেন, দেশের কয়েকটি স্থানে কলকারখানায় কিছু শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টা করা হয়েছে।’
পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশের বাইরে থেকে একটি রাজনৈতিক দলকে অর্থ সরবরাহ করছে বলে গোয়েন্দা তথ্য রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে যে, যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তারা সেখানে অর্থ সরবরাহ করছে। অর্থ সরবরাহ করে তারা কাদের সাহায্যে করছে?’
প্রধানমন্ত্রী আরও বলেন, একটি পক্ষ দেশের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। নির্বাচনের আগে জনগণের কাছে মিথ্যা কথা বলে বিভিন্ন টিকিট বিক্রির চেষ্টা করেছে তারা। এখন এই দুই পক্ষ এক হয়েছে। একজন সীমান্তের ওপার থেকে অর্থ দিচ্ছে, আরেকজন দেশে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
দেশবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার সময় এসেছে। যাতে আর কেউ কোনো দিন দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সে জন্য সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা এবং মানুষের ভাগ্য পরিবর্তনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, কেউ যাতে তা বাধাগ্রস্ত করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।
বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ
বেকার সমস্যা সমাধানে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর রাজশাহী জেলার বন্ধ কারখানার মালিক, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন তিনি। কলকারখানাগুলো পুনরায় চালু করতে তাঁদের উৎসাহিত করা হয়েছে। গত সাত মাসে ছয়টি কলকারখানা চালু করা হয়েছে।
তিনি বলেন, কলকারখানা চালুর অন্যতম প্রধান লক্ষ্য বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আগামী জানুয়ারি থেকে ডিসেম্বর—এই ১২ মাসের মধ্যে সারা দেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা হাসপাতালে শয্যা বাড়বে
সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে ১০০-তে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান প্রধানমন্ত্রী। এসব হাসপাতালে শিশু ও নারীদের জন্য পৃথক শয্যার পাশাপাশি কিডনি রোগীদের ডায়ালিসিস সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। এতে সাধারণ রোগের চিকিৎসার জন্য গ্রামের মানুষকে শহরে ছুটতে হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
আখচাষিদের প্রণোদনা
জনসভার শুরুতে রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকা প্রণোদনা দেন প্রধানমন্ত্রী। কম্পিউটারে বোতাম চেপে সংশ্লিষ্ট চাষিদের মুঠোফোনের হিসাবে অর্থ পাঠান তিনি। অনুষ্ঠানে ১৫ জন আখচাষির হাতে চেক তুলে দেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে জনসভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ রাজশাহী জেলার সংসদ সদস্যরা বক্তব্য দেন। সমাবেশে সনাতন ধর্মাবলম্বীসহ জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী অংশ নেন।
এর আগে সামরিক বিমানে দুপুর ২টা ৫০ মিনিটে শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এর আগে তিনি রংপুরের ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এআর




