প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরই মধ্যে নির্মাণকাজের দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম।
মঙ্গলবার (২০ অক্টোবর) শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নির্মাণকাজের উদ্বোধনী ফলক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকেশ্বরী মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও মন্দিরটি পরিদর্শনে আসেন। তাই মন্দিরের পরিবেশ ও অবকাঠামো উন্নত করার পাশাপাশি এর মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরতে হবে।
তিনি জানান, প্রধান ফটক ও সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি মন্দিরের সার্বিক উন্নয়নে অতিরিক্ত ১৫ লাখ টাকা দেওয়া হয়েছে। শুধু ঢাকেশ্বরী মন্দির নয়, আদি ঢাকা ও পুরান ঢাকার সৌন্দর্যবর্ধনেও সিটি করপোরেশন কাজ করছে।
ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ এ দেশে হিন্দু, মুসলমান, খ্রিষ্টান ও বৌদ্ধ- সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে বিভাজন না করে দেশের নাগরিক হিসেবে দেখতে হবে।

তিনি বলেন, একজন মুসলমানের যে অধিকার রয়েছে, একজন হিন্দুরও সেই একই অধিকার রয়েছে। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশকে এগিয়ে নিতে হবে।
দুর্গাপূজা উপলক্ষে ডিএসসিসির নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি জানান, পূজামণ্ডপের আশপাশের সড়ক সংস্কার, আলোকসজ্জা ও ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারে কাজ করেছে সিটি করপোরেশন। এ ছাড়া প্রথমবারের মতো ডিএসসিসির আওতাধীন ১৬৮টি পূজামণ্ডপে মোট ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে তেলেগু ও কানপুরি সম্প্রদায়ের প্রায় ৬৮০ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে বোনাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে বাসিন্দাদের সহযোগিতা চান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, সকালে সড়ক পরিষ্কার থাকলেও মানুষের চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে আবার ময়লা জমতে শুরু করে। এ অবস্থার পরিবর্তনে যেখানে-সেখানে টিস্যু ও অন্যান্য বর্জ্য না ফেলা, ড্রেনে ময়লা না দেওয়া এবং পলিথিন ব্যবহার পরিহার করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষা ও নগরীকে বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি বেশি বেশি গাছ লাগাতে হবে।
আবদুস সালাম আরও বলেন, সমাজে যারা মানুষের ক্ষতি করে, তারা কোনো ধর্মের প্রতিনিধিত্ব করে না। অন্যায় ও অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠান শেষে ডিএসসিসি প্রশাসক ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন এবং পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এমএইচ/এসআই




