বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কার্যক্রম চলমান রাখতে ২০ কর্মকর্তার দুর্গাপূজার উপলক্ষে দেওয়া টানা পাঁচ দিনের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন এবং মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ, নির্বাচন পরিচালনা-২ অধিশাখা, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১, ২, ৩ এবং নির্বাচন প্রশাসন শাখার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রোস্টার ডিউটি মোতাবেক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যে কোনো কর্মকর্তা/কর্মচারীকে ফোন করলে যথাসময়ে আবশ্যিকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
বাতিল হলো যে ২২ কর্মকর্তার ছুটি
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্ম-সচিব মো. মঈন উদ্দিন খান ও তার ব্যক্তিগত কর্মকর্তা এবং এ অনুবিভাগের অফিস সহায়ক যথাক্রমে মাসুদ আলম, মো. সিফাত হোসেন।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন ও তার ব্যক্তিগত কর্মকর্তা এবং এ অধিশাখার অফিস সহায়ক যথাক্রমে সাইফুল ইসলাম ও মো. রাশেদুল ইসলাম।
নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার ৩ ও প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন, সহকারী থানা নির্বাচন কর্মকর্তা মো. ফিরোজ নাজমুল ইসলাম, কম্পিউটার অপারেটর মো. হুমায়ুন কবির, অফিস সহকারী আব্দুল হামিদ সুমন ও অফিস সহায়ক মো. কুতুব উদ্দিন।
নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-২ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুবা মমতা হেনা, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আফজাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা বাবুল আক্তার, অফিস সহকারী ওয়াসিম হোসেন ও মোছা. নাছিমা খাতুন ও অফিস সহায়ক ওসমান গনি।
নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল ও সহকারী থানা নির্বাচন কর্মকর্তা মো. শওকত হোসেন।
নির্বাচন প্রশাসন শাখার শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান ও অফিস সহকারী মো. সুজন হোসেন।
সংরক্ষিত নারী আসনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ পহেলা নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে দুই নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
ঠাকুরগাঁও-১ আসনের তফসিল অনুযায়ী আগামী, ২৯ অক্টোবর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল আটটা পর্যন্ত চলবে প্রচারণা। এ আসনে প্রার্থীরা হলেন- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এমএইচএইচ/এসআই




