মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ঢাকা

রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে ভাবনায় দাম্মাম-মদিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম

শেয়ার করুন:

রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে ভাবনায় দাম্মাম-মদিনা
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট আপাতত বন্ধ রয়েছে। সৌদি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে এ রুটে আবার ফ্লাইট চলাচল শুরু হবে। এদিকে যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। 

সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত রিয়াদ রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিকল্প ব্যবস্থা হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের বিষয়ে কাজ চলছে। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে কার্যক্রম সীমিত থাকায় দেশটিতে সরাসরি ও ট্রানজিট রুটের একাধিক ফ্লাইট স্থগিত হয়েছে। এতে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন অনেকে। বিশেষ করে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে না পারা প্রবাসীরা পড়েছেন বিপাকে। 

১৫ থেকে ২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা ও যাত্রীসেবার বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি জানান, যাত্রীরা এখন ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে তাকে জানিয়েছেন। 

রাত ৮টার দিকে বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা ও লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। 

পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, বর্তমান সরকারের গত সাত মাসের প্রচেষ্টায় বিমানবন্দরের যাত্রীসেবার মান উন্নত হয়েছে। যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাচ্ছেন বলে জানিয়েছেন। সেবার বর্তমান মান নিয়ে তিনি সন্তুষ্ট। তবে এ ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’। তার পরিকল্পনাগুলো ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। এখন তা বাস্তবায়ন করা হয়েছে। 

লাইভ ব্যাগেজ মনিটরিং কার্যক্রমে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, যাত্রী সেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। 

পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআইকে/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর