সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ বছরের জন্য ২৫ জলমহালে ইজারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ পিএম

শেয়ার করুন:

উন্নয়ন প্রকল্পের আওতায় ৬ বছরের জন্য ২৫ জলমহালে ইজারা
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯২তম সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

প্রকৃত মৎস্যজীবীদের অধিকার সুরক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি ও সরকারি রাজস্ব বাড়ানোর লক্ষ্যে উন্নয়ন প্রকল্পের আওতায় দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। ১৪৩৩ থেকে ১৪৩৮ বঙ্গাব্দ পর্যন্ত মেয়াদে এসব জলমহাল ইজারা দেওয়া হবে।

সোমবার (১৯ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ভূমিমন্ত্রী বলেন, প্রকৃত মৎস্যজীবীদের অধিকার রক্ষা এবং সরকারি রাজস্ব আহরণে জলমহাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ইজারা প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। উন্মুক্ত ও অনলাইন ভিত্তিক ব্যবস্থায় প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিগুলোকে ইজারার সুযোগ দেওয়া হচ্ছে। যা মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, প্রান্তিক ও প্রকৃত মৎস্যজীবীরা যাতে কোনো বাধা ছাড়াই ইজারার সুবিধা পান, তা নিশ্চিত করতে কাজ করছে ভূমি মন্ত্রণালয়। সরকারি জলমহালের সঠিক ব্যবহারের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যেও কার্যক্রম চলছে।

প্রতিমন্ত্রী অন্যায় তদবির গ্রহণ না করে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সরকারি জলমহাল ইজারা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সুপারিশ প্রণয়নের নির্দেশ দেন।

সভায় উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি আয়তনের সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় মৌলভীবাজারের ১১টি, রংপুরের একটি, সিলেটের ১৯টি এবং কুষ্টিয়ার তিনটিসহ চার জেলার মোট ৩৪টি জলমহালের প্রস্তাব উপস্থাপন করা হয়। পাশাপাশি বরিশালের দুর্গাসাগর দিঘি, চাঁপাইনবাবগঞ্জের বিল চুরইল, মৎস্য অধিদফতরের নিমগাছি প্রকল্পের ৭৭৯টি পুকুরের মেয়াদ বৃদ্ধি এবং হবিগঞ্জের বিল সুতী নদী (বদ্ধ) জলমহাল নিয়েও আলোচনা হয়।

কমিটির সদস্যদের যাচাই-বাছাই শেষে সভায় সর্বসম্মতিক্রমে ২৫টি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়।

ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উন্নয়ন প্রকল্পের আওতায় ইজারা দেওয়ার জন্য ৩৬ জেলার ৮২৮টি জলমহালের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এর মধ্যে ২৯ জেলার ৭৮৬টি জলমহালের বিপরীতে ৪১১টি মৎস্যজীবী সমবায় সমিতি অনলাইনে আবেদন করে। এর আগে ২৫ জেলার ১৭৪টি জলমহালের প্রস্তাব কমিটির ৮৯তম, ৯০তম ও ৯১তম সভায় উপস্থাপন করা হয়।

সভায় ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী, সায়রাত অনুবিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মফিজুল ইসলামসহ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মৌলভীবাজার, সিলেট, রংপুর, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসকরা অনলাইনে সভায় যুক্ত হন।

এএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর