শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় আনসার-ভিডিপি কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
মহাপরিচালক বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি সদস্যরা সরাসরি ও দায়িত্বশীল ভূমিকা পালন করছেন। পূজা উদযাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে পূজামন্ডপ কেন্দ্রিক যেকোন বিশৃঙ্খলা ও সমস্যা তাৎক্ষনিকভাবে সমাধান করা হচ্ছে।
তিনি বলেন, এবারের পূজায় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আধিক্যের পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপস’-এর সমন্বিত তাৎক্ষণিক সাড়াদান এবং তৎপরতা সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করেছে।
মহাপরিচালক উল্লেখ করেন, ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত পূজামণ্ডপগুলোও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব মনিটরিং টিমের নিবিড় তদারকির আওতায় রয়েছে। এর মাধ্যমে সব পর্যায়ের পূজামণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখা হচ্ছে।
তিনি দায়িত্ব পালনরত সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখার নির্দেশনা দেন।
কোনো ধরনের উসকানি, গুজব বা অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে তিনি যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ও বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এমআইকে/এএইচ



