ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অগ্নিনিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ মহড়া করেছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ মহড়া দুপুরে শেষ হয়।
রাতে ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
এ সময় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. নুরুল আমিন বিপ্লব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ এবং সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ভবনের মিলনায়তনে তাত্ত্বিক প্রশিক্ষণ ক্লাস নেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। তাত্ত্বিক ক্লাসের পর অ্যানেক্স ভবনের সামনে ব্যবহারিক প্রশিক্ষণ মহড়া শুরু হয়।
মহড়ায় অগ্নিদুর্ঘটনার প্রাথমিক পর্যায়ে ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নেভানোর কৌশল দেখানো হয়। এরপর রোপ ডিসেন্ডিং, টু-পয়েন্ট সাসপেনশন পদ্ধতি, রোপ র্যাপেলিং, অটোস্কেপ এবং টিটিএল ব্যবহারের মাধ্যমে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।
পরে উপস্থিত সবাইকে অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহারের পদ্ধতি হাতে-কলমে অনুশীলন করানো হয়।
মহড়া পরিচালনা করেন কমান্ডার মো. ফয়সালুর রহমান ও এনামুল হক। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এমআইকে/এআর




