মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন—বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এমন খবরকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে তাঁর দফতর। ইশরাক হোসেন নিজেও এটাকে ‘গুজব’ বলে আখ্যায়িত করেছেন।
রোববার (১৮ অক্টোবর) রাতে এক প্রতিবাদলিপিতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এই খবরকে ভিত্তিহীন দাবি করেন। পাশাপাশি এক অডিও বার্তায় ইশরাক হোসেন এটাকে গুজব আখ্যায়িত করে তাতে কান না দিতে আহ্বান জানিয়েছেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, ইশরাক হোসেন তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশ দেওয়া হয়নি। তার পদত্যাগেরও কোনো প্রশ্ন নেই।
এ ধরনের খবরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে প্রতিবাদলিপিতে বলা হয়, একটি মহল জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে মিথ্যা ও কাল্পনিক তথ্য ছড়াচ্ছে।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, গতকাল শনিবার নিজ সংসদীয় আসনে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে আত্মরক্ষার্থে আইনসম্মতভাবে অস্ত্র প্রদর্শনের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী আগেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তার পদত্যাগের খবর প্রচার করা বেআইনি ও সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলেও দাবি করা হয়।
এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হতে গণমাধ্যম ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, যেসব গণমাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে, সেগুলো অবিলম্বে প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
এদিকে এক অডিও বার্তায় ইশরাক হোসেন জানান, তাকে পদত্যাগের নির্দেশের কোনো ব্যাপার ঘটেনি। এমন কিছু ঘটলে তিনি সাংবাদিকদের ডেকে জানাবেন। এজন্য গুজবে কান না দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
জেবি




