বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডব্লিউএলএ) অভিবাসন বিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত চারজন সাংবাদিক।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে ক্রেস্ট ও সম্মানী তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- ঢাকা স্ট্রিমের স্টাফ রিপোর্টার তৌফিক হাসান, চ্যানেল আইয়ের প্রতিবেদক রিয়াজুল ইসলাম রিয়াজ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার মাসুম কামাল এবং দৈনিক সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মো. শাহেরীন আরাফাত।
বিএনডব্লিউএলএ’র সিমস-২ প্রকল্পের আওতায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ২৫ জন সাংবাদিকের প্রতিবেদন বিবেচনায় নিয়ে এ পুরস্কার দেওয়া হয়। তিন সদস্যের জুরি বোর্ডের যাচাই-বাছাই ও মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং ন্যায়বিচার পাওয়ার পথে বাধাগুলো তুলে ধরতে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব বিবেচনায় এ পুরস্কারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের প্রতিবেদনের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা জানান।
বক্তারা বলেন, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে অনুসন্ধানী, তথ্যভিত্তিক ও নৈতিক সাংবাদিকতার বিকল্প নেই। এ খাতে প্রতারণা, শোষণ ও আইনি জটিলতার চিত্র বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে পারলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। এ বিষয়ে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিএনডব্লিউএলএ’র সভাপতি অ্যাডভোকেট সিমা জাহুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদুল হক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মনিটরিং সেলের পরিচালক নাজমুল ইসলাম সরকার, জুরি বোর্ডের সদস্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী আবদুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী ও চ্যানেল আইয়ের প্রধান বার্তা মো. মীর মাসরুরজ্জামান রনি, ডিবিএলএ প্রতিনিধি রিফাত আরা সুলতানা, বিএনডব্লিউএলএ’র পরিচালক আশরাফুল হক, প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা, প্রকল্প সমন্বয়ক সাজ্জিদ আহমেদ ও সদস্য অ্যাডভোকেট ফেরদৌস নিগারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
বিইউ/এএইচ



