ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ভেতর থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. রাকিব। তিনি বরিশাল জেলার গৌরনদী থানার ফারুক হোসেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের নালিয়া এলাকায় বসবাস করেন।
ঢামেক হাসপাতালের দায়িত্বরত আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, জরুরি বিভাগে রাকিবের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভুয়া চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার কথা স্বীকার করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয় বলে জানান মো. শাহাদাত হোসেন।
চিকিৎসক পরিচয় দেওয়ার কারণ জানতে চাইলে রাকিব জানান, তার ভাই অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। অনেক চেষ্টা করেও ভাইকে ভর্তি করাতে না পেরে এক ব্যক্তির পরামর্শে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পরিচয় দেন। এরপরই আনসার সদস্যরা তাকে আটক করেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, জরুরি বিভাগ থেকে আটক ওই যুবককে আনসার সদস্যরা পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। বিষয়টি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে। তাকে শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এমএমআর/এসআই




