শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পিএম

শেয়ার করুন:

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম চলমান রয়েছে। 

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী নির্বাচন ও তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের জন্য সরকারিভাবে প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। তাই ফ্যামিলি কার্ড পেতে কারও কাছে তদবির করার প্রয়োজন নেই।

শনিবার (১৬ অক্টোবর) ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাঁকে টাকা দেওয়া যাবে না। এ ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের সময় কোনো যোগ্য পরিবার যাতে বাদ না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে ২ হাজার ৫০০ টাকা করে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে পাবেন। এ অর্থ দিয়ে নারীরা চিকিৎসা, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, বিএনপি নেতা আবুল খায়ের বাবুল ও পৌর বিএনপির সদস্যসচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিপুলসংখ্যক নারী ও পুরুষও অনুষ্ঠানে অংশ নেন।

এসএইচ/এআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর