শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্থানীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

স্থানীয় নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর
নির্বাচন কমিশন (ইসি)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে । ইতোমধ্যে সব উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩(জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন। সে পরিপ্রেক্ষিতে, ভোটার তালিকার ডেটাবেইসে ৩১ জুলাই ২০০৮ তারিখে বা তার আগে জন্ম নেওয়া ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যাঁরা ডেটাবেইসে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে চূড়ান্ত করার লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং দাখিল করা আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের বিস্তারিত সময়সূচি কমিশন অনুমোদন করেছে।

এতে আরও বলা হয়েছে, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠপর্যায়ে সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে লিংক পাঠানোর শেষ তারিখ ৪ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ নভেম্বর। দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২০ নভেম্বর। সংশোধনকারী কর্তৃপক্ষের মাধ্যমে দাবি, আপত্তি ও সংশোধনের জন্য দাখিল করা আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২৩ নভেম্বর। এসব আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৪ নভেম্বর। হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৫ নভেম্বর।

এতে আরও বলা হয়েছে, এ কার্যক্রম চলাকালে মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন এবং ভুলত্রুটি সংশোধনের জন্য আবেদন দাখিলের আহ্বান জানিয়ে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ইমাম ও পুরোহিতদের মাধ্যমে নামাজ বা প্রার্থনার আগে কিংবা পরে ঘোষণা দিতে হবে। স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষদের তালিকায় নারী ভোটার এবং নারীদের তালিকায় পুরুষ ভোটার অন্তর্ভুক্তি, ধর্মসংক্রান্ত ভুলসহ অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ভোটারসংখ্যা দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর