শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাজধানীর তুরাগে বিদ্যুৎস্পৃষ্টে হোটেলকর্মীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৭ এএম

শেয়ার করুন:

রাজধানীর তুরাগে বিদ্যুৎস্পৃষ্টে হোটেলকর্মীর মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর তুরাগের দিয়াবাড়িতে রেস্টুরেন্টের বাইরে পরিষ্কারের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ (২৩) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দিয়াবাড়ির ২ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডের আই ব্লকে অবস্থিত বালির রেস্টুরেন্টের বাইরে এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুজাহিদের বাড়ি বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর থানার গালুয়া গ্রামে। তার বাবার নাম ইলিয়াস হাওলাদার।

হাসপাতালে নিহতের সহকর্মী বিশ্বজিৎ জানান, ঘটনার রাতে সাড়ে ১২টার দিকে মুজাহিদসহ কয়েকজন সহকর্মী রেস্টুরেন্টের বাইরের অংশ পানি দিয়ে পরিষ্কার করছিলেন। এ সময় পানি তোলার মোটর থেকে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজাহিদ অচেতন হয়ে পড়েন।

তিনি আরও জানান, ঘটনার পর মুজাহিদকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মুজাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

এমএমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর