বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘দরকষাকষির মাধ্যমে দুই-তিন মাসের মধ্যেই অর্থায়ন নিশ্চিত করা সম্ভব’

‎একে সালমান, ব্যাংকক (থাইল্যান্ড) থেকে
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

‘দরকষাকষির মাধ্যমে দুই-তিন মাসের মধ্যেই অর্থায়ন নিশ্চিত করা সম্ভব’
অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

সামাজিক নিরাপত্তা বলয় জোরদার, সঠিক কর্মসংস্থান সৃষ্টি ও আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে দরকষাকষি মাধ্যমে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করে বিদ্যমান সংকট দূর করা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সংকট এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা দেশের মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে।

‎বুধবার (১৪ অক্টোবর) ​আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার তৃতীয় দিনে অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে এসব কথা জানান অর্থ উপদেষ্টা।
‎
‎তিনি বলেন, বর্তমান সংকট একদিনে তৈরি হয়নি। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কিছু সমস্যা এবং আন্তর্জাতিক বাজারের নেতিবাচক প্রভাব এর অন্যতম কারণ। বিশেষ করে মধ্যপ্রাচ্য সংকটের জেরে তেলের বাজার অস্থিতিশীল হওয়ায় পরিবহন খরচ বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। ​

তবে, নিম্ন আয়ের মানুষের ওপর এই সংকটের প্রভাব সামাল দিতে সরকার সামাজিক সুরক্ষা কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিশ্বব্যাংক বা অন্যান্য সংস্থার পক্ষ থেকে দারিদ্র্যসীমা নিয়ে নানা আশঙ্কার কথা বলা হলেও সরকারের অতীতের সুনির্দিষ্ট অভিজ্ঞতা রয়েছে। সঠিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিম্ন আয়ের মানুষকে সুরক্ষা প্রদান করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তাদের আবার দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা সম্ভব।
‎
‎তিনি বলেন, ইতিপূর্বে বিশ্বব্যাপী বড় ধরনের অর্থনৈতিক মন্দা, যুদ্ধাবস্থা এবং জ্বালানি সংকটের মতো কঠিন পরিস্থিতিতেও বাংলাদেশ রফতানি ও বিদেশে কর্মসংস্থান বাড়িয়ে অর্থনৈতিক গতিশীলতা বজায় রেখেছিল। এ ছাড়া আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে নারী শক্তির অংশগ্রহণের মাধ্যমে অতীতে কোটি কোটি মানুষ দারিদ্র্যের কবলে পড়া থেকে রক্ষা পেয়েছিল। সেই সফল মডেলগুলো কাজে লাগিয়ে বর্তমান সংকট সামাল দেওয়ার চেষ্টা চলছে।
‎
‎​আইএমএফ, বিশ্বব্যাংকসহ বিভিন্ন বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী ও মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনার অগ্রগতি সন্তোষজনক উল্লেখ করে অর্থ উপদেষ্টা জানান, বৈশ্বিক এই ধাক্কা বা ‘এক্সটার্নাল শক’ মোকাবিলায় দেশের নিজস্ব কৌশল রয়েছে। উন্নয়ন সহযোগীরাও বর্তমান বাস্তবতাকে স্বীকার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। দরকষাকষির মাধ্যমে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করা যাবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎একেএস/এসআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর