গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে সংবাদপত্র ও সাময়িকীর সরকারি বিজ্ঞাপনের হার নতুন করে নির্ধারণ করে পরিপত্র জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ও ৯ আগস্টের সম্মতিপত্রের ভিত্তিতে এ পরিপত্র জারি করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচারসংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
এসব পত্রিকার প্রচারসংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা। প্রচারসংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার পর্যন্ত ৫ টাকা করে বাড়বে।
প্রচারসংখ্যা ৯০ হাজারের বেশি হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার ১ হাজার ১০০ টাকা।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচারসংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪২০ টাকা।
প্রচারসংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা।
জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচারসংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪০০ টাকা।
প্রচারসংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা এবং ৩০ হাজারের বেশি হলে ৫ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮০০ টাকা।
অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা এবং সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত এসব পত্রিকার প্রচারসংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ২৫০ টাকা। প্রচারসংখ্যা ৪ হাজার ১ থেকে ১০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা এবং ১০ হাজারের বেশি হলে ৫ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ হার ৪৫০ টাকা।
অন্য বিভাগীয় শহর, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক ও অন্যান্য সাময়িকীর প্রচারসংখ্যা ২ হাজার থেকে ৩ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ২৫০ টাকা।
প্রচারসংখ্যা ৩ হাজার ১ থেকে ১০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা এবং ১০ হাজারের বেশি হলে ৫ টাকা করে বাড়বে। এ ক্ষেত্রে সর্বোচ্চ হার ৪০০ টাকা।
পরিপত্রে সংবাদপত্রের প্রথম ও শেষ পাতায় বিজ্ঞাপন প্রকাশের জন্য অতিরিক্ত হারও নির্ধারণ করা হয়েছে। সব শ্রেণির সংবাদপত্রে ভেতরের পাতার তুলনায় প্রথম পাতায় ৮০ শতাংশ এবং শেষ পাতায় ৪০ শতাংশ বেশি হার প্রযোজ্য হবে।
বিশেষ দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রে রঙিন বিজ্ঞাপনের জন্যও বাড়তি হার নির্ধারণ করা হয়েছে। সাদা-কালো বিজ্ঞাপনের তুলনায় প্রতি রঙের জন্য ১০ শতাংশ হারে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত হার প্রযোজ্য হবে।
নতুন এ হার ১৩ অক্টোবর (সোমবার) থেকে কার্যকর হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, নতুন বিজ্ঞাপন হার শুধু সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র ও সাময়িকীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিটি পত্রিকা ও সাময়িকীর প্রযোজ্য বিজ্ঞাপন হার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) সংরক্ষণ ও হালনাগাদ করবে।
পরিপত্রে আরও বলা হয়, নতুন হারের বাইরে বিশেষ ক্ষেত্রে বিজ্ঞাপন প্রকাশের শর্ত এবং বিদ্যমান বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালার অন্যান্য বিধান আগের মতোই থাকবে।
নতুন পরিপত্র জারির ফলে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞাপন হার-সংক্রান্ত আগের পরিপত্র বাতিল বলে গণ্য হবে।
এএইচ




