দক্ষিণ এশিয়ায় খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষি খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকায় সার্ক কৃষি কেন্দ্রের ১৮তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত এ সভায় সার্কভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশ নেন। হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরা সশরীরে উপস্থিত ছিলেন। ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ভার্চুয়ালি অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ও নেপালের প্রতিনিধি শবনাম শিবাকোটি। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ এশিয়ার কৃষি উৎপাদন এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি অভিন্ন কৃষি সমস্যার সমাধানে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করে খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে গতিশীল কৃষিব্যবস্থা, টেকসই কৃষি ব্যবস্থাপনা এবং আঞ্চলিক অংশীদারত্ব জোরদার করতে হবে।
তিনি আন্তঃসীমান্ত উদ্ভিদ ও প্রাণীর রোগবালাইসহ অভিন্ন কৃষি সমস্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জ্ঞান বিনিময় ও যৌথ সমাধান উদ্ভাবনের মাধ্যমে টেকসই ও সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ে তুলতে সার্ক কৃষি কেন্দ্রের ভূমিকার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুস সালাম এবং কাঠমান্ডুতে অবস্থিত সার্ক সচিবালয়ের পরিচালক তানভীর আহমেদ তরফদার। তিনি সার্ক মহাসচিবের প্রতিনিধি হিসেবে সভায় অংশ নেন।
ড. মো. আবদুস সালাম দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিন্ন কৃষি চ্যালেঞ্জ ও জীববৈচিত্র্যের ক্ষয়ের বিষয়টি তুলে ধরেন। তিনি আঞ্চলিক সহযোগিতা জোরদার, কম কার্বন নিঃসরণকারী কৃষি উৎপাদনব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই কৃষি উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
তানভীর আহমেদ তরফদার বলেন, ভবিষ্যৎ প্রজন্মের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষিজমির ওপর ক্রমবর্ধমান চাপ মোকাবিলা করা জরুরি। এ জন্য টেকসই কৃষিচর্চা অনুসরণ এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে হবে।
সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কৃষি সহযোগিতা জোরদারে কেন্দ্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি যৌথ গবেষণা, জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং কৃষিপ্রযুক্তি ও উত্তম কৃষিচর্চা বিনিময়ের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন এগিয়ে নেওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষম খাদ্যব্যবস্থা গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এএইচ/এসআই




